রাশিয়ার নেতৃত্বে যৌথ মহড়ায় ভারত-সহ ৮ দেশ
নতুন পয়গাম, মস্কো, ১৬ সেপ্টেম্বর:
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘জাপাদ-২০২৫’-এ বাংলাদেশ, ভারত-সহ আরও ছয়টি দেশ অংশ নিয়েছে। পাঁচ দিনব্যাপী এই মহড়া মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা প্রমাণ করে। এই অংশগ্রহণ এমন এক সময়ে হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক আরোপের কারণে ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যিক টানাপড়েন চলছে। এই সময় রাশিয়া, বেলারুশের পাশাপাশি ভারত, ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কঙ্গো এবং মালি এই মহড়ায় অংশ নিয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানায়, ভারতীয় সেনারা এই মহড়ায় অংশ নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে, পাঁচ দিনের এই যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য ৬৫ জন সেনাকে পাঠানো হয়েছে। এই মহড়া ছিল রাশিয়া ও বেলারুশের শক্তি প্রদর্শন, যার মাধ্যমে তাদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে এবং কোনো বিদেশি আক্রমণ হলে তাদের যৌথ প্রতিরক্ষা কৌশল প্রদর্শিত হয়েছে। এই মহড়ায় মোট এক লাখ সৈন্যের উপস্থিতি ছিল এবং এতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজও প্রদর্শিত হয়।








