ইসরাইলি বন্ডে বিনিয়োগ নয়: জোহরান মামদানি
নতুন পয়গাম, নিউ ইয়র্ক, ১৫ সেপ্টেম্বর:
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি মনে করেন, এই শহরের পেনশন তহবিল ইসরাইলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়। কারণ, ইসরাইল সরকার বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক আইন লংঘন করছে। সিবিএস-এর সঙ্গে ওই সাক্ষাৎকারে মামদানি বলেন, বর্তমান সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ইসরায়েলি বন্ড নিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে নিউইয়র্ক সিটির পেনশন তহবিলের প্রায় ৩১৫ মিলিয়ন ডলার ইসরাইলি কোম্পানি ও রিয়েল এস্টেটে বিনিয়োগ রয়েছে।
তাঁর কথায়, সবচেয়ে জরুরি বিষয় হল, আমরা কোথায় সরাসরি জড়িত, সেটা চিহ্নিত করা। শহরের পেনশন তহবিলে ইসরাইলি বন্ড কেনা আসলে আমাদের মূল্যবোধের স্পষ্ট প্রকাশ। আর আমরা জানি, আমাদের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গে রয়েছে।
গত বছরের মার্চ পর্যন্ত ‘নিউইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ড’-এ প্রায় ৩৫২ মিলিয়ন ডলারের ইসরাইলি বন্ড ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব প্রতিষ্ঠান বা ফান্ড ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করে, সেসবের অন্যতম এটি। মামদানি আরও বলেন, তিনি তাঁর প্রচারাভিযান চলাকালে বারবারই বলেছেন, বর্তমান প্রশাসন যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, সেসব ক্ষেত্রে আইন মেনে চলায় ফিরতে হবে। আমি মনে করি, আন্তর্জাতিক আইনভঙ্গের কাজে আমাদের কোনো তহবিল জড়িত থাকা উচিত নয়।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটি কর্পোরেশনের পেনশন পাঁচটি আলাদা তহবিল নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে নিউইয়র্ক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম, নিউইয়র্ক সিটি ফায়ার পেনশন ফান্ড, নিউইয়র্ক পুলিশ পেনশন ফান্ড, নিউইয়র্ক সিটি টিচার্স রিটায়ারমেন্ট সিস্টেম ও নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশন রিটায়ারমেন্ট সিস্টেম। এই পেনশন তহবিলগুলোর মোট সম্পদের পরিমাণ ২৮৯ বিলিয়ন ডলার। এগুলো তত্ত্বাবধান করেন সিটি কম্পট্রোলার।
প্রায় ৫০ বছর ধরে নিউইয়র্ক সিটির পেনশন তহবিল ইসরাইলি বন্ডে বিনিয়োগ করে আসছিল। কিন্তু ২০২৩ সালে বর্তমান কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার নীতি পরিবর্তন করেন। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ল্যান্ডার সিদ্ধান্ত নেন, ২০২৩ সালের শুরুর দিকে ৩০ মিলিয়ন ডলারের পুরোনো বন্ডের মেয়াদ পূর্ণ হওয়ার পর আর নতুন কোনো ইসরাইলি বন্ড কেনা হবে না। তিনি বলেন, অন্য দেশগুলোর তুলনায় ইসরায়েলকে বিশেষ সুবিধা দেওয়াও উচিত নয়।








