বাংলাদেশে ফের জয়ী শিবির, সব পদেই হার বিএনপি-র
নতুন পয়গাম, ঢাকা, ১৪ সেপ্টেম্বর: সব হিসাব নিকাশ উল্টে দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাকসুর পর জাকসুতেও ঐতিহাসিক জয়ধারা অব্যাহত রাখল ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস জয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ঐতিহাসিক জয় পেল ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির গত সপ্তাহে ডাকসু নির্বাচনে বিপুল জয় পেয়েছিল। এবারও একইভাবে জয়ী হল জাকসু নির্বাচনেও। ২৫টি পদের ২০টিতেই জয় পেয়েছে শিবির মনোনীত প্যানেল। তবে ভিপি বা সহ-সভাপতি পদে জিতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থিত নির্দল প্রার্থী আব্দুর রশিদ জিতু। তারা পেয়েছে মাত্র তিনটি পদ। সবথেকে উল্লেখযোগ্য হল, খালেদা জিয়ার বিএনপি-র ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদল একটিও আসন পায়নি। তাদেরকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
গত সপ্তাহে ডাকসু নির্বাচনেও মুখ থুবড়ে পড়ে বিএনপির ছাত্র সংগঠন। কেউ কেউ মনে করেছিলেন, হাসিনার আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করায় বিএনপি বা বৈষম্যবিরোধী জোট প্রার্থীরা বিপুল জয় পাবে। কিন্তু তা হল না।
১৯৯০ সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ৩৫ বছথর পর এসব নির্বাচন হচ্ছে। অল্প কিছুদিন পর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভোট হওয়ার কথা। এই দুই বিশ্ববিদ্যালয়ে এমনিতেই বরাবর জামায়াত ও ছাত্র শিবিরের প্রভাব রয়েছে। তাই এই দু জায়গাতেও জয়ের বিষয়ে নিশ্চিত তারা। তবে তারা আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় বলে ছাত্র নেতাদের আগাম সতর্ক করেছে। উল্লেখ্য, ডাকসু ভোটের পরদিনই ফলাফল ঘোষণা হলেও জাকসুর ফল ঘোষণায় চারদিন লেগে গেল। বিভিন্ন মহল থেকে কারচুপির অভিযোগ ওঠায় এই বিলম্ব।








