হাসিনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার: ফিনান্সিয়াল টাইমস
নতুন পয়গাম, ঢাকা, ১৩ সেপ্টেম্বর:
শেখ হাসিনার ১৫ বছরের শাসনে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। তাদের এশিয়ার ব্যুরো চিফ জন রিড জানান, তারা এমনসব ঘটনার বর্ণনা শুনেছেন, যেখানে গোয়েন্দা কর্মকর্তারা বন্দুকের মুখে ব্যাংকের পরিচালককে অপহরণ করে জোরপূর্বক পদত্যাগ করিয়েছেন এবং তাদের শেয়ার শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠদের কাছে হস্তান্তর করতে বাধ্য করেছেন। বৃহস্পতিবার তাদের প্রকাশিত এই ডকুমেন্টারির শিরোনাম ছিল ‘বাংলাদেশের হারানো বিলিয়নস: চোখের সামনেই লুট’।
তাতে উল্লেখ করা হয়, আন্দোলনকারী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা অনুসন্ধান করেছে কীভাবে এই বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়েছে। এই তথ্যচিত্রে দাবি করা হয়, পাচার হওয়া অর্থ বিদেশে নেওয়া হয়েছে বাণিজ্যে অতিরিক্ত বা কম ইনভয়েসিং, হুন্ডি ও হাওয়ালা পদ্ধতি এবং ব্রিটেনে অবৈধভাবে বিপুল সম্পত্তি কেনাবেচার মাধ্যমে। বিশেষ করে লন্ডনে বাংলাদেশের বিপুল পরিমাণ পাচার করা অর্থ বিনিয়োগ করা হয়েছে। যুক্তরাজ্যের বিস্তৃত আর্থিক খাত ও লাভজনক সম্পত্তি বাজার এ ক্ষেত্রে বিশেষভাবে আকর্ষণীয় ছিল।








