স্বাধীন ফিলিস্তিন: ফের প্রস্তাব পাস রাষ্ট্রসঙ্ঘে
নতুন পয়গাম, নিউ ইয়র্ক, ১২ সেপ্টেম্বর:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে রাষ্ট্রসঙ্ঘে আনা প্রস্তাব বিপুল ভোটে পাস হয়। ভারত-সহ ১৪২টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করে ভোট দিয়েছে। বিরোধিতা করে ভোট দিয়েছে আমেরিকা, আর্জেন্টিনার মতো ৯টি দেশ। উল্লেখ্য, ভারত বরাবরই ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদি কেন্দ্রে সরকার গড়ার পর থেকে ভারতের বিদেশনীতিতে এই চিরাচরিত অবস্থান পাল্টে যায়।
গাজায় প্রায় দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যেও ভারত বারবার সংঘর্ষ বিরতি এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে রাষ্ট্রসংঘের প্রস্তাব কৌশলে এড়িয়ে গিয়েছে। আমেরিকা ইসরাইল অশুভ জুটির পক্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বে বারবার অবস্থান নিয়েছে ভারত। সেই নিরিখে এদিন রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থান প্রশংসনীয়। ফ্রান্স ও সৌদি আরবের আনা এই প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের তরফে প্রথম হামলার নিন্দা করে বলা হয়েছে, এই আক্রমণের পাল্টা হিসেবে ইসরাইলের ধারাবাহিক আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক। হতাহতের সংখ্যা দ্রুতগতিতে বেড়েছে, গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসসতূপে পরিণত হয়েছে। এখন গাজায় বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে শিশুরা অনাহার, অপুষ্টি তথা দুর্ভিক্ষের মুখে পড়েছে। অনাহারে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রতিদিন।
গত জুলাইয়ে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরেই আরব লিগ এবং ফ্রান্সের মতো কয়েকটি দেশ ফিলিস্তিন ইস্যুতে প্রস্তাব আনে এবং তা পাস হয়। সেই রেজোলিউশনের বক্তব্য অনুযায়ী এদিন প্রস্তাব পেশ হয়েছিল। জুলাইয়ে যে প্রস্তাব পেশ হয়েছিল সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধী গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, এই নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বহুবার মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে ইসরাইল এবং ফিলিস্তিন দুই স্বাধীন রাষ্ট্রের পক্ষে প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু তা কখনোই বাস্তবায়িত হয়নি মূলত পশ্চিমা বিশ্বের সদিচ্ছার অভাবে।








