হেলিকপ্টার থেকে ঝুলে চম্পট নেপালি মন্ত্রীর
নতুন পয়গাম, কাঠমান্ডু, ১১ সেপ্টেম্বর:
নেপালে একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। রাস্তায় ফেলে পেটানো হয়েছে একাধিক মন্ত্রীকে। প্রাণে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-সহ বহু নেতা-মন্ত্রী ও আমলা। এবার জানা গেল, হেলিকপ্টার থেকে দড়ি ঝুলিয়ে সেই দড়ি ধরে সপরিবারে পালালেন এক মন্ত্রী। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, কাঠমাণ্ডুতে মন্ত্রীর বাসভবনের ছাদের ওপর রয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি। এরপর একটি লম্বা দড়ি নীচে ফেলে দেওয়া হয়। সেই দড়ি ধরে তিনজন ঝুলে পালিয়ে যান। ওই মন্ত্রীর নাম অবশ্য জানা যায়নি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করতেই জনরোষ আছড়ে পড়ে নেতা-মন্ত্রীদের উপর। প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ কানাল-এর স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়াও যোগাযোগমন্ত্রী পৃথ্বীসুব্বা গুরুং, উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌড়েল-সহ বেশ কয়েকজন মন্ত্রী উত্তেজিত জনতার হাতে প্রহৃত হন। এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে জেল ভেঙে পালিয়ে গিয়েছে অন্তত ১৫ হাজার বন্দি।








