শুরু হল রষ্ট্রসংঘের বার্ষিক অধিবেশন
নতুন পয়গাম, নিউ ইয়র্ক, ১০ সেপ্টেম্বর: শুরু হল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০তম বার্ষিক অধিবেশন। বুধবার বিকেলে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত রাষ্ট্রসংঘের সদর দফতরে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা ব্যারবক-এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই অধিবেশন। ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে শুরু হবে মূল আলোচনা বা বিতর্ক পর্ব। বিভিন্ন দিনে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বক্তব্য রাখবেন তাঁরা।
এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় ‘Better together: 80 Years and more for peace, developement and Human Rights’.
এদিনবিকাল সাড়ে ৩ টায় নতুন সভাপতি জার্মানির সাবেক বিদেশমন্ত্রী অ্যানালিনা ব্যারবকের সভাপতিত্বে শুরু হয় ৮০তম বার্ষিক অধিবেশন। উদ্বোধনী ভাষণ দেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস।
২৩ সেপ্টেম্বর প্রথা অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি-সিলভা। এরপর ভাষণ দেবেন আয়োজক দেশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ সেপ্টেম্বর সকালের পর্বে শেষ বক্তা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইদিনে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের প্রধানমন্ত্রী লি কোকিয়াং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার এই অধিবেশনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।








