ভেনেজুয়েলার পাশে ইরান
নতুন পয়গাম, তেহরান, ৯ সেপ্টেম্বর: ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানালেন ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান। ভেনিজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপে তিনি আমেরিকার নীতি ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন। ওয়াশিংটনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তেহরান ও কারাকাস প্রশাসন দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সক্রিয় হয়েছে। উভয় দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি। তাই লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই ভাল। কারণ, এই দেশগুলো মার্কিন সাম্রাজ্যবাদের কট্টর বিরোধী।
মার্কিন বিদেশনীতির বিরুদ্ধে তাদের অভিন্ন অবস্থানের কারণে ইরান ও ভেনেজুয়েলা কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে। সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে মার্কিন হুমকি, শুল্ক বৃদ্ধি এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের কড়া সমালোচনা করে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমেরিকা ও ইসরাইলের চাপ এবং আগ্রাসন নীতির মোকাবিলায় ইরানের দৃঢ়তা এসেছে জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ সংহতি থেকে। যা একটি দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করে।
ভেনিজ প্রেসিডেন্ট মাদুরো বলেন, আমাদের শক্তি নিহিত রয়েছে সরকার, জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে নিবিড় সংহতিতে। তিনি অভিযোগ করেন, আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে এবং মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে।








