হুথির ড্রোন হামলা ইসরাইলি বিমানবন্দরে
নতুন পয়গাম, সানা, ৮ সেপ্টেম্বর:
ইয়েমেন থেকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের ‘রামন’ বিমানবন্দরে আঘাত হেনেছে। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দরটি। এর পরপরই বিমানবন্দর এবং আশপাশের আকাশসীমা অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। রবিবার ৭ সেপ্টেম্বর ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে হুথি সরকারের প্রধানমন্ত্রী ও তার সরকারের ১২জন মন্ত্রীকে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর ইসরাইলের দিকে। হুতিরা ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। এর মধ্যেই এই হামলার খবর এল।
ইসরাইলের ইলাতের রামোন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতের কাছে রামন বিমানবন্দরের আঘাত হানে। এ ঘটনার পরেই বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। তারই প্রতিশোধ হিসেবে হুতিরা ইসরাইলে ড্রোন হামলা চালাচ্ছে।








