আস্থা ভোটে পরাজিত ফ্রান্সের প্রধানমন্ত্রী
নতুন পয়গাম, প্যারিস, ৮ সেপ্টেম্বর:
ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তাঁকে পদচ্যুত করার পক্ষে সোমবার ভোট দিয়েছেন পার্লামেন্টের বেশিরভাগ সদস্য। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ফ্রান্সের সরকারকেও ক্ষমতা ছাড়তে হবে। এই আস্থা ভোট ডেকেছিলেন খোদ প্রধানমন্ত্রীই। লক্ষ্য ছিল, সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করা। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে ৩৬৪টি। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন সাংসদ। ২৫ জন ভোটদানে বিরত ছিলেন।
ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে বাইরুকে। সোমবারের ভোটের আগে তিনি বলেন, সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়েই চলবে। ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।
বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও তীব্র আকার নেবে। সংকটে পড়লেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোও। দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম বার নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাঁকে।








