হাওড়া গ্রামীণ আবগারি বাহিনীর সাফল্য
পাচারের পথে ধরা পড়ল ৯ লক্ষ টাকার চোলাই
অতসী মন্ডল, নতুন পয়গাম, হাওড়া:
চোলাই মদের পাচার রুখতে ফের সাফল্য পেল হাওড়া গ্রামীণ আবগারি বাহিনী। শনিবার ভোরে পাঁচলার গাববেড়িয়া ও বেলতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে উদ্ধার হলো প্রায় ৮০০ লিটার চোলাই মদ, বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
আবগারি দপ্তর সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে আন্দুল রেঞ্জের ওসি কৌশিক সরকার ও এএসআই মণিশঙ্কর মাইতি রাতেই ফাঁদ পাতেন। রাণীহাটি মোড়ে একটি সাদা বিলাসবহুল গাড়ি থামাতে গেলে সেটি পালানোর চেষ্টা করে। তবে পাঁচলার বেলতলা মোড়ে দাঁড়ানো আরেকটি টিম গাড়িটি আটকায়। তল্লাশিতে মিলেছে বিশাল পরিমাণ চোলাই মদ।
অভিযান শেষে আন্দুল রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইন্দ্রজিৎ মিত্র বলেন, “উলুবেড়িয়ায় চোলাই কারবার কার্যত বন্ধ হয়ে এলেও নতুন রুট তৈরি করছে কারবারীরা। এবার হুগলির বেগমপুর থেকে জগৎবল্লভপুর হয়ে হাওড়ায় প্রবেশের চেষ্টা হচ্ছিল। গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, চালক ও মালিকের খোঁজ চলছে।”
উল্লেখ্য, গত আগস্টেই হাওড়া গ্রামীণ জেলা রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করে রাজ্যের প্রথম সারির তিন জেলায় স্থান পেয়েছে। সরকারি দোকানে মদের বিক্রি বাড়ছে, পাশাপাশি চোলাই মদ রুখতে আবগারি ও পুলিশের নজরদারি আরও জোরদার হয়েছে। শনিবারের অভিযান তারই প্রমাণ।








