ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
নতুন পয়গাম, কিয়েভ, ৬ সেপ্টেম্বর: ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানিয়েছেন, শনিবার মধ্যরাতে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালে রাশিয়া এই দেশটিতে সামরিক অভিযান বা যুদ্ধ শুরু করার পর এই প্রথম ভিভিআইপি ভবনটি হামলার শিকার হল। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এদিন রাজধানী কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ড সংখ্যক ৮০০-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে। মন্ত্রিসভা ভবনের ছাদ এবং ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য কিয়েভের এই জায়গায় আঘাত করা খুবই বিরল ঘটনা। কারণ, এই এলাকায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে। তারপরেও সেসবকে এড়িয়ে কীভাবে একের পর এক রুশ ক্রুজ ও ক্ষেপণাস্ত্র হামলা হল, তা স্পষ্ট নয়।








