ন্যানো গাড়ির সাধ মিটতে চলেছে এবার হুগলীর সুগন্ধ্যায় তৈরি বিদ্যুৎচালিত চারচাকার গাড়ি
আব্দুল গফফার
নতুন পয়গাম, হুগলী, ৬ সেপ্টেম্বর:
রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই নারী শক্তির উত্থান চেয়ে এসেছেন। সেই বার্তা কে সম্মান জানিয়ে হুগলীর দুই কন্যা খুব শীঘ্রই এবার স্বপ্নপূরণ করতে চলেছে এবার হুগলী জেলার সুগন্ধ্যায়। হুগলীর সুগন্ধ্যায় এবার হতে চলছে নতুন বিদ্যুৎচালিত চারচাকা গাড়ির তৈরি। শনিবার সুগন্ধায় একথা ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সুগন্ধ্যার ‘ সাইনোসিওর’ কোম্পানি শীঘ্রই ওই বিদ্যুৎচালিত চার চাকার গাড়ি উৎপাদন শুরু করবে। এদিন একইসঙ্গে উদ্বোধন হয় সংস্থার নতুন ‘টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার ‘ – এর। উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গতঃ রাজনৈতিক টানাপোড়েনের কারণে সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা চালু না হওয়ার আফশোষ অনেকটাই এবার মিটতে চলেছে। এদিন কুণাল ঘোষ নতুন এই কারখানা তৈরির কথা ঘোষণা করে বলেন, এর ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটাই বদলে যাবে। বহু বেকার যুবক যুবতী চাকরি পাবে। ন্যানো কারখানা না হওয়ার আক্ষেপ মিটবে। তিনি জানান, কারখানা গড়তে রাজ্য সরকার সর্বতোভাবে সহায়তা করবে। আগামী বছর জানুয়ারি মাসে নতুন এই ইলেকট্রিক চার চাকার গাড়ি বাজারে আসবে।
উল্লেখ্য, হুগলীর সুগন্ধ্যার এই সাইনোসিওর কোম্পানি ইতিমধ্যেই বিএলডিসি ফ্যান তৈরি করেছে নজর কেড়েছে। সংস্থার পক্ষে সম্রাজ্ঞী ঘোষ বলেন, বাজারে যে ইলেকট্রিক থ্রি হুইলার চলছে, তার থেকে অনেক কম দামে এখান থেকে পাওয়া যাবে ইলেকট্রিক থ্রি হুইলার যার আজকে উদ্বোধন হল। আধুনিক ডিজাইনের এই টোটো গাড়িও অচিরেই বাজার দখল করবে বলে জানান তিনি। নতুন এই ইলেকট্রিক থ্রি হুইলার ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দেওয়া হবে। মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম রাখা হবে সাধ্যের মধ্যে। ইলেকট্রিক গাড়ি হওয়ায় চার্জিং টেকনোলজি এমনভাবে করা হচ্ছে, যাতে অন্তত ১৮ ঘণ্টা চার্জ থাকবে। এছাড়া জোর দেওয়া হচ্ছে গুণগত মানের উপর। এই কারখানা থেকে সমস্তরকম পরীক্ষা করার পর, সরকারি সার্টিফিকেট নেওয়ার পরই বাজারে তা ছাড়া হবে।








