ফরাসি প্রেসিডেন্টের অপসারণে ইমপিচমেন্ট
নতুন পয়গাম, প্যারিস, ৬ সেপ্টেম্বর:
ফ্রান্সের বামপন্থী বিরোধী দল ‘ফ্রান্স আনবাউড’-এর নেতা জঁ-ল্যুক মেলশোঁ শনিবার সে দেশের পার্লামেন্টে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসনের প্রস্তাব জমা দিয়েছেন। গাজা পরিস্থিতি সম্পর্কে মেলশোঁ বলেন, তার দল যদি ক্ষমতায় থাকত, তবে ফরাসি নৌবাহিনী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলোকে গাজা উপকূলে পৌঁছে দেয়ার দায়িত্ব নিত।
তিনি আরো বলেন, সোমবার প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেইরোর নেতৃত্বে বর্তমান ফ্রান্স সরকারের অনাস্থা ভোটে পতন হবে, এটা নিশ্চিত। তিনি এ সম্ভাবনাকে ‘জনগণের বিজয়’ হিসেবে আখ্যা দেন। এদিকে অনাস্থা ভোটকে সামনে রেখে ফ্রান্সে রাজনৈতিক উত্তেজনার পারদ হু হু করে চড়ছে। জুলাই মাসে ২০২৬ সালের বাজেট প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী বেইরো। ফ্রান্সের ক্রমবর্ধমান সরকারি ঋণ কমানোর চেষ্টার অংশ হিসেবে এতে প্রায় ৫১ বিলিয়ন ডলার সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশটির ঋণ জিডিপির ১১৩ শতাংশ ছাড়িয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের বাজেট ঘাটতি অন্যতম সর্বোচ্চ, যা বর্তমানে ৫.৮ শতাংশ। দেশটি এখন ‘অতিরিক্ত ঋণের দ্বারপ্রান্তে’ রয়েছে বলে সতর্ক করে দিয়ে বেইরো সংসদ সদস্যদের ‘অরাজকতার পরিবর্তে দায়িত্বশীল’ হতে বিরোধীদের আহ্বান জানান।








