গাজা-যুদ্ধ: নেতানিয়াহুর সঙ্গে সেনাপ্রধানের বাকবিতণ্ডা
নতুন পয়গাম, তেলআবিব, ২ সেপ্টেম্বর:
ফিলিস্তিনের গাজা সলিটিতে নতুন করে সেনা অভিযান চালানো নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সতীর্থ মন্ত্রীদের সঙ্গে সেনাপ্রধানের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। সোমবার রাতে ইসরাইলি মন্ত্রিসভার নিরাপত্তা-সংক্রান্ত বৈঠকে এ পরিস্থিতি সৃষ্টি হয়। বৈঠকে ইসরাইলের মন্ত্রীরা গাজা নগরীতে নতুন সেনা অভিযান জোরদার করতে চাপ দিলে সেনাপ্রধান ইয়ার জামির তীব্র বিরোধিতা করে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারকে আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত মন্ত্রী ও কয়েকজন সেনাকর্তাকে উদ্ধৃত করে এ তথ্য জানা গেছে। বৈঠকে সেনাপ্রধান বলেন, গাজা নগরীতে এই মুহূর্তে অভিযান চালালে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে। তাছাড়া ইতিমধ্যে চাপে থাকা সেনাবাহিনীর ওপর আরো বাড়তি চাপ সৃষ্টি করবে। এর আগেও সেনাপ্রধান ও নেতানিয়াহু ও তার মন্ত্রীদের সঙ্গে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ২০ আগস্ট নেতানিয়াহু বলেছিলেন, তিনি দ্রুত গাজা নগরী দখলের নির্দেশ দিয়েছেন। পরদিনই সেনাবাহিনী সতর্ক করে জানায়, এই পরিকল্পনার বিরুদ্ধে মতামত দেয়। তারা বলে, অন্তত দুই মাসের আগে অভিযান শুরু করা সম্ভব নয়।
সেনাবাহিনীর প্রধান যুক্তি ছিল, হামাসের হাতে থাকা জিম্মিদের কথা ভেবে এবং গাজায় মানবিক সহায়তার জন্য আরও সময় প্রয়োজন। রিজার্ভ সেনাদের একাংশ নেতানিয়াহু সরকারের পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট। তাঁদের কেউ কেউ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, গাজা নিয়ে সরকারের কোনো সমন্বিত কৌশল, যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা কিংবা সুস্পষ্ট বিজয়ের লক্ষ্য নেই।








