সংঘ নেতার মন্তব্যে উত্তাল রাজনীতি
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৫ এপ্রিল: আরএসএস-এর তাত্ত্বিক নেতা বলে পরিচিত রাম মাধবের একটি মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। ওয়াশিংটনের এক অনুষ্ঠানে ভারতের বিদেশনীতি নিয়ে রাম মাধবের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আরএসএস-কে ‘সারেন্ডার সংঘ’ (আত্মসমর্পণকারী সংঘ) বলে তোপ দেগেছেন। রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের ‘পুতুল’ হিসেবে কাজ করছেন।
ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে আয়োজিত ‘নিউ ইন্ডিয়া কনফারেন্স’-এ রাম মাধব প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের জামানায় আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নত করতে ভারত আর কোথায় পিছিয়ে আছে? উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমরা ইরান ও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছি। বিরোধীদের সমালোচনা সত্ত্বেও আমরা ৫০ শতাংশ শুল্ক মেনে নিয়েছি। এমনকি নতুন বাণিজ্য চুক্তিতে ১৮ শতাংশ শুল্ক দিতেও রাজি হয়েছি।” যদিও পরে এক্স (টুইটার) হ্যান্ডেলে ঢোঁক গিলে রাম মাধব জানান, তথ্যগুলো ভুল ছিল এবং ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি।
অবশ্য রাম মাধব ক্ষমা চাইলেও রাজনৈতিক ফায়দা তুলতে দেরি করেনি কংগ্রেস। রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাষ্ট্রীয় সারেন্ডার সংঘ; নাগপুরে ভুয়ো জাতীয়তাবাদ আর আমেরিকায় চরম দাসত্ব। রাম মাধব সংঘের আসল রূপটাই প্রকাশ করে দিয়েছেন।” কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে মোদি সরকার আমেরিকার সব শর্ত মেনে চলছে এবং এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
কংগ্রেসের মতে, এই মন্তব্য প্রমাণ করে, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের সামনে নতিস্বীকার করেছেন। যদিও রাম মাধব দাবি করেছেন, তিনি অন্য এক প্যানেলিস্টের যুক্তির পাল্টায় কথাটি বলতে গিয়ে ভুল করে ফেলেছেন, তবুও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই নিয়ে শোরগোল অব্যাহত।
হাইলাইট
আমেরিকায় নিউ ইন্ডিয়া কনফারেন্সে আরএসএস নেতা রাম মাধব বলেন, “আমরা ইরান ও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছি। বিরোধীদের সমালোচনা সত্ত্বেও আমরা ৫০ শতাংশ শুল্ক মেনে নিয়েছি। এমনকি নতুন বাণিজ্য চুক্তিতে ১৮ শতাংশ শুল্ক দিতেও রাজি হয়েছি।”








