যাদবপুর কান্ড : মোদির ‘টুকরে টুকরে গ্যাং’ মন্তব্যে বাড়ল রাজনৈতিক উত্তাপ
নতুন পয়গাম, কলকাতা: বিধানসভা নির্বাচনের আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেল। বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদবপুর ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন।
তিনি দাবি করেন, একসময়ের গর্বের শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে তার ঐতিহ্য হারাচ্ছে। তাঁর অভিযোগ, ক্যাম্পাসের ভিতরে দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে, পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং অশান্তির আবহ তৈরি হয়েছে। “আমি অরাজকতা নয়, শিক্ষার পরিবেশ চাই,” এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, যে সরকার নিজের রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে না, তারা রাজ্যের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত রাখবে, এই প্রশ্নও তোলেন তিনি।
তবে এই মন্তব্যে চুপ করে নেই শাসকদল। তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা দাবি করা হয়েছে, এই ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়ায় কীভাবে পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে বারবার হামলা চালায় কেন্দ্রীয় পুলিশ বাহিনী, সে বিষয়ে কিছু বলুন মোদি।
অন্যদিকে, শিক্ষাজগতের একাংশের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখনও দেশের সেরাদের মধ্যে অন্যতম এবং তার একাডেমিক সাফল্যই তার আসল পরিচয়। সব মিলিয়ে, যাদবপুরকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমেই তীব্র হচ্ছে, যা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।








