সামসেরগঞ্জে জনজোয়ার, রাহুলের সভায় গর্জে উঠল কংগ্রেস
নতুন পয়গাম: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে কংগ্রেসের নির্বাচনী সভাকে ঘিরে মঙ্গলবার দেখা গেল ব্যাপক জনসমাগম ও উৎসাহের ছবি। দুপুরে সামসেরগঞ্জের কৃষক বাজার মাঠে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে এক নজর দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। দূরদূরান্তের গ্রাম থেকেও বহু মানুষ সভাস্থলে এসে জড়ো হন। মানুষের এই উচ্ছ্বাসে কার্যত জনসমুদ্রে পরিণত হয় গোটা সভামাঠ।আগামী ২৩ এপ্রিল সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এই সভায় যোগ দেন রাহুল গান্ধী। সভামঞ্চে উঠে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন এবং কেন্দ্র ও রাজ্য— উভয় সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, সাধারণ মানুষের সমস্যা ও বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে প্রশ্নের মুখে তোলেন তিনি। একই সঙ্গে রাজ্যের শাসক দল কেও তীব্র সমালোচনার মুখে ফেলেন কংগ্রেস নেতা।
রাজ্যে দুর্নীতি, বেকারত্ব ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। রাহুল গান্ধীর বক্তব্যের সময় সভামঞ্চের সামনে উপস্থিত জনতার মধ্যে উৎসাহ ও সমর্থনের সাড়া দেখা যায়। এদিনের সভায় উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। রাহুল গান্ধীর আগমনকে ঘিরে সামসেরগঞ্জ এলাকায় সকাল থেকেই ছিল উৎসবের আবহ।২৩ এপ্রিলের ভোটকে সামনে রেখে এই জনসভা কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, জাতীয় কংগ্রেসের প্রার্থীরা সহ বিভিন্ন বিধানসভার নেতৃত্বগন।








