রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার
নতুন পয়গাম, সামশেরগঞ্জ: সামশেরগঞ্জের নতুন লোহরপুর গ্রামে শনিবার দুপুরে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । হঠাৎ আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা জানান, এই আগুনের ভয়াবহতায় এতটাই তীব্রতা ছিল যে অন্তত পাঁচটি পরিবারের একাধিক ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের ভিতরে থাকা রান্নার সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।পরবর্তীতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি সামাল দিতে তৎপরতা দেখান। ঘটনার খবর পেয়ে পরের দিন অর্থাৎ রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী নাজমে আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।








