৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছি, স্বীকার করল ইসরাইল
নতুন পয়গাম: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে সামরিক হামলা চালিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৭০ হাজারের মতো ফিলিস্তিনিকে হত্যার কথা মেনে নিয়েছে মধ্যপ্রাচ্যের অবৈধ ইহুদি দেশ ইসরাইল। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে নিহতের সংখ্যা নাকি বাড়িয়ে বলা হচ্ছে বলেছিল ইসরাইল। যদিও রাষ্ট্রসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। তবে ইসরাইল দাবি করে আসছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রক হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রক সর্বশেষ জানিয়েছে, নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মার্কিন মধ্যস্থতায় ১১ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরাইলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন। আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট সহ দেশটির শীর্ষ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, সামরিক বাহিনীও প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে। ওয়াইনেটকে এক ইসরাইলি সেনাকর্তা বলেন, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছে। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন।”








