পুইনানের উমুমী ইজতেমায় একটি সন্ধ্যা…
ইমরান হোসেন, নতুন পয়গাম: হুগলীর পুইনানের তাবলিগি ইজতেমা প্রাঙ্গণে জামাআতে ইসলামী হিন্দের আমীরে হালকা তথা রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান সাহেবের সঙ্গে একদিন গেলাম। সেখানে অস্থায়ী মসজিদে তাবলিগ জামাতের রাজ্য শূরা সদস্য ও শাইখুল হাদীস মওলানা আজিজ সাহেবের তাঁবুতে আমাদেরকে নিয়ে যান তাঁর খাদেম। সেখানে মাওলানা সাহেব আমাদের জন্য সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেন। ডাঃ মসিহুর রহমান সাহেব দীর্ঘক্ষণ আলাপচারিতায় ইজতেমার সমগ্র ইন্তেজাম কেমন চলছে, সে কথা জানতে চান।
তারপর সেই খাদেম আমাদেরকে ইজতেমার বিভিন্ন ব্যবস্থাপনার দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যান মূল মঞ্চের পিছনে অবস্থানরত অন্যতম শূরা সদস্য মাওলানা রিজওয়ান ইলাহীর তাঁবুতে। তিনি অত্যন্ত উৎফুল্লতার সঙ্গে আমাদেরকে খোশ আমদেদ জানান। সেখানে মাওলানা আহসান উল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। তিনিও আমাদের জন্য মেহমানদারীর ব্যবস্থা করেন। তিনি খুবই তাৎপর্যপূর্ণভাবে বলেন, এই ইজতেমা মানুষকে আল্লাহর ও তাঁর হুকুম, নামাযের সঙ্গে জুড়ে দিতে চায়। মুহতারাম আমীরে হালকা বলেন, সমগ্র মিল্লাতের ঐক্য জামাআত সর্বদা কামনা করে। সেই ঐক্য কায়েম করতেই সাক্ষাৎ করতে এসেছেন।
রিজওয়ান ইলাহী সাহেব বলেন, আগামী শুক্রবার আমীরে-তাবলীগ মাওলানা সা’দ সাহেব তাশরীফ আনবেন ইজতেমায়। তিনি আমাদেরকে আখেরি মোনাজাতে শামিল হওয়ার দাওয়াত দেন। সমগ্র সাক্ষাৎ ছিল অত্যন্ত রূহানী ও বরকতপূর্ণ। পরিশেষে একসঙ্গে জামাতে এশার নামায আদায় করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিই। ইজতেমা শুরুর আগের দিন এই সাক্ষাৎ মুসলিম ইত্তেহাদ কায়েমে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ্।








