ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের নিন্দায় মামদানি
নতুন পয়গাম: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে আটক করার বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানালেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এই ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা করে ‘যুদ্ধ ঘোষণা’ ও ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে জানিয়েছেন মামদানি। তাঁর কথায়, একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে একতরফা আক্রমণ চালানো সরাসরি যুদ্ধের সমান।
মাদুরোর গ্রেপ্তারির পরে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মামদানি এক্স হ্যান্ডলে এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘এটি আন্তর্জাতিক ও ফেডারেল আইনের চরম লঙ্ঘন। ক্ষমতা পরিবর্তনের এই মরিয়া চেষ্টা কেবল বিদেশের মাটিতেই নয়, বরং নিউ ইয়র্কে বসবাসকারী হাজার হাজার ভেনেজুয়েলার মানুষের উপরেও সরাসরি প্রভাব পড়বে।’ তাঁর প্রশাসনের মূল লক্ষ্য, নিউ ইয়র্কের সাধারণ মানুষ ও ভেনেজুয়েলার নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা। তাঁর অফিস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন নতুন মেয়র জোহরান মামদানি।








