বড়দিনে পোপের বার্তায় গাজার দুর্দশার কথা
নতুন পয়গাম,: পোপ চতুর্দশ লিও বড়দিন উপলক্ষে তাঁর প্রথম ধর্মোপদেশে ফিলিস্তিনের গাজা উপত্যকার অগণিত মানুষের চরম দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। যিশু খ্রিস্টের জন্মদিন পালনের অনুষ্ঠানে পোপের কণ্ঠে এধরনের বলিষ্ঠ রাজনৈতিক বার্তা খুবই বিরল ঘটনা। ক্যাথলিক খ্রিস্টান ধর্মের শীর্ষ পীঠস্থান ভ্যাটিকান সিটি থেকে ক্রিসমাস উপলক্ষে বুধবার মধ্যরাতে পোপ লিও বলেন, গোয়ালঘরে যিশুর জন্মের গল্প আমাদের দেখায়, মানুষের মাঝেই ঈশ্বর তাঁর ভঙ্গুর তাঁবু খাটিয়েছেন। তাহলে আমরা কেন গাজার তাঁবুগুলির কথা ভাবব না, যেগুলি সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি, ঝড় ও শীতের মুখোমুখি?
সেন্ট পিটার্স বাসিলিকায় হাজারো উপাসকের উপস্থিতিতে দেওয়া ধর্মোপদেশে পোপ লিও বিশ্বজুড়ে গৃহহীন মানুষের দুর্দশা ও যুদ্ধের ধ্বংসযজ্ঞ নিয়েও দুঃখ প্রকাশ করেন। তাঁর বার্তা, বিশ্বের বহু সংঘর্ষই একমাত্র আলোচনার মাধ্যমে বন্ধ করা সম্ভব।
নিরাপত্তা ও প্রতিরোধহীন জনতার জীবনে যুদ্ধের ভয়ঙ্কর ক্ষত ও পরিণতির প্রসঙ্গ উঠে এসেছে পোপের কথায়। সেইসঙ্গেই উঠে এসেছে অগণিত তরুণের কথা, যাঁদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য করা হয়। যাঁরা রণাঙ্গনে দাঁড়িয়ে উপলব্ধি করেন, তাঁদের যে কাজে পাঠানো হয়েছে তা নিরর্থক। আর উপলব্ধি করেন তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া লোকগুলির আড়ম্বরপূর্ণ ভাষণের অন্দরের মিথ্যাগুলিও।








