ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন ৯০ লাখ মানুষ
নতুন পয়গাম, লন্ডন: ব্রিটেনে সরকারের নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা অন্তত ৯০ লক্ষ নাগরিককে গুরুতর ঝুঁকিতে ফেলছে। এর ফলে বহু মানুষের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। সে দেশের দুই স্বনামধন্য মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ-এর রিপোর্টে বলা হয়েছে, ব্রিটেনে প্রায় ৯০ লাখ মানুষ- যা মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে নাগরিকত্ব হারাতে পারেন।
অধিকারকর্মীরা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে, এমন নাগরিকদের ওপর প্রভাব ফেলবে। দুটি প্রতিষ্ঠানই সতর্ক করে বলেছে, বর্তমান ‘নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা’ এখন মুসলিম সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় বৈষম্যের উদাহরণ হিসেবে পরিচিত ‘উইন্ডরাশ কেলেঙ্কারি’র সঙ্গে তুলনা করা যায়।
পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। ব্রিটেনে বসবাসরত মুসলিম জনগোষ্ঠীর বেশিরভাগ এসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট বা বংশোদ্ভূত। অধিকারকর্মীদের মতে, এর ফলে নাগরিকত্বের একটি বর্ণভিত্তিক স্তরবিন্যাস তৈরি হয়েছে। এতে মুসলিমদের ব্রিটেনে থাকার অধিকার শর্তসাপেক্ষ হয়ে পড়ছে, যা শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এভাবে ব্রিটিশ সরকার ট্রাম্পের অভিবাসন খেদাও নীতিকেই অনুসরণ করছে।








