পুতিন-এরদোগান রুদ্ধদ্বার বৈঠক দরজা খুলে ঢোকার চেষ্টায় পাক প্রধানমন্ত্রী
নতুন পয়গাম, ক্রেমলিন:
ভিতরে তখন বৈঠক করছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক চলতে থাকায় অপেক্ষা করতে করতে বিরক্ত বোধ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কারণ, তাঁর সঙ্গে পুতিনের আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট ছিল। এমতাবস্থায় শরিফ দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করলে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট তাঁকে অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। আর সেই অস্থিরতা থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের এরদোগানের মধ্যে চলা রুদ্ধদ্বার বৈঠকের দরজা খুলে ভিতরে ঢুকতে যান।
তুর্কমেনিস্তানে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের ফাঁকে এই ঘটনার ভিডিও শেয়ার করেছে রুশ সংবাদ সংস্থা আরটি ইন্ডিয়া। পরে অবশ্য সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়। এক্স হ্যান্ডেলে লেখা হয়, তুর্কমেনিস্তানে শান্তি ও বিশ্বাস ফোরামে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের অপেক্ষার বিষয়ে একটি পূর্ববর্তী পোস্ট আমরা মুছে ফেলেছি। এই পোস্টে ঘটনার ভুল উপস্থাপনা হতে পারে।”
ভিডিওয় আরও দেখা গেছে, হতাশ শরিফ হল থেকে বেরিয়ে সোজা পুতিন ও এরদোগানের বৈঠক যেখানে চলছিল, সেই কক্ষের দিকে হনহন করে যাচ্ছেন। নিরাপত্তারক্ষীদের ঠেলে সরিয়ে দিয়ে শরিফ ভেতরে ঢুকে পড়তে চেষ্টা করলে রক্ষীরা তাঁকে থামান। উল্লেখ, সম্প্রতি পুতিন ভারত সফরে এসেছিলেন। মূলত সেই বিষয়েই পুতিনের সঙ্গে কথা বলতে উদগ্রীব হয়ে, ওঠেন শরিফ।








