পেন্টাগনের বিরুদ্ধে মিডিয়ার মামলা
নতুন পয়গাম, ওয়াশিংটন: সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের ওপর নতুন বিধিনিষেধের জেরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় প্রতিরক্ষা (অধুনা যুদ্ধমন্ত্রক) মন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলকে বিবাদী করা হয়েছে। গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী, সাংবাদিকদের এক মুচলেকায় সই করতে হবে, যেখানে বলা আছে, তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করবেন না।
নিউইয়র্ক টাইমসের অভিযোগ, এই নীতির ফলে মারাত্মকভাবে খর্ব হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। মামলায় উল্লেখ করা হয়, পেন্টাগন সাংবাদিকদের যে ২১ পৃষ্ঠার এক চুক্তিতে সই করতে বাধ্য করেছিল, তা অসাংবিধানিক। এই নীতির প্রতিবাদে নিউইয়র্ক টাইমসের ছয়জন সাংবাদিক-সহ বহু সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাজ জমা দিয়ে দেন।
এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন। গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, রয়টার্স, এপি, এনপিআর-সহ অনেক নামজাদা মার্কিন সংবাদমাধ্যম এই নতুন শর্তে সই করতে অস্বীকার করেছে।








