নিলামে টাইটানিক যাত্রীর ঘড়ি
নতুন পয়গাম, লন্ডন:
একশো বছরেরও বেশি আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের এক মৃত যাত্রীর কাছ থেকে পাওয়া পকেটঘড়ি রেকর্ড দামে বিক্রি হয়েছে। রবিবার ব্রিটেনে নিলামে ১৭ লাখ ৮০ হাজার পাউন্ডে এটি বিক্রি হয়। ১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে বিশাল বরফখণ্ড বা হিমশৈলে ধাক্কা খেয়ে ডুবে যায়। মারা যান দেড় হাজারেরও বেশি যাত্রী। তাঁদেরই একজন মার্কিন ধনকুবের ইসিডর স্ট্রাউস ছিলেন ওই জাহাজের যাত্রী। ওই ঘটনায় তাঁর স্ত্রী আইডাও মারা গেছেন।

জাহাজ ডুবে যাওয়ার কয়েক দিন পর আটলান্টিক মহাসাগর থেকে স্ট্রাউসের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁর সঙ্গে পাওয়া জিনিসের মধ্যে ছিল জুলস ইয়ুরগেনসেন কোম্পানির তৈরি ১৮ ক্যারেটের সোনার ঘড়ি। সেই ঘড়ি ১১৩ বছর পর নিলামে বিক্রি হল। জার্মান বংশোদ্ভূত ইসিডর স্ট্রাউস ছিলেন একজন মার্কিন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তাঁর স্ত্রীর দেহ উদ্ধার হয়নি। তবে আইডা স্ট্রাউসের একটি চিঠিও এদিন নিলামে ১ লাখ পাউন্ডে বিক্রি হয়।








