ভিয়েতনামে বন্যায় মৃত্যু বেড়ে ৩৮০
নতুন পয়গাম, হ্যানয়:
ভিয়েতনামে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৮০ হয়েছে। এ ছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন। গত মাসের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। গত সপ্তাহে কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১,৯০০ মিমি. ছাড়িয়ে যায়। ১৬ নভেম্বর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি ডাকলাক প্রদেশ। এখানে এখন পর্যন্ত ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়ে গেছে।
উদ্ধারকারীরা নৌকা ব্যবহার করে ছাদের ওপর আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন। অনেক স্থানে জানালা ভেঙে ও ছাদ ফুটো করে লোকজনকে বের করা হয়েছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর ডাকলাক প্রদেশের বুয়েন হো শহরে বা নদীর পানির উচ্চতা ১৯৯৩ সালের রেকর্ড ছাড়িয়ে যায়। এখন পর্যন্ত ২ লাখ ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং প্রায় ৮০ হাজার হেক্টর ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি ডলারেরও বেশি।








