সুদানের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ
নতুন পয়গাম, খারতুম:
সুদানে দুই বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থামানোর প্রচেষ্টা পের ধাক্কা খেল। মার্কিন নেতৃত্বাধীন মধ্যস্থতাকারীরা যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহান প্রত্যাখ্যান করে সোমবার এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রস্তাবটি গ্রহণযোগ্য নয় এবং মধ্যস্থতাকারীরা পক্ষপাতদুষ্ট।’ ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনী র্যাাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়।
রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী এই যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বেসরকারি হিসেবে হতাহতের খতিয়ান অনেক বেশি। এছাড়াও প্রায় দেড় কোটি মানুষ ঘরছাড়া। বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে এবং দেশের কিছু অংশ দুর্ভিক্ষে পড়েছে।
মার্কিন নেতৃত্বাধীন চার দেশের মধ্যস্থতাকারী দল ‘কোয়াড’ আমেরিকা, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত দু-বছর ধরে সংঘাত থামানোর চেষ্টা করছে। যদিও সুদানবাসীর অভিযোগ, মধ্যস্থতাকারী দেশগুলোই মূলত তাদের দেশকে এই অস্থিরতা ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। এরাই ষড়যন্ত্র করে ২০১৯ সালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাত করার পর সুদানে অস্থিরতা চরমে ওঠে। তাই তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মানতে নারাজ সুদানের আমজনতা।








