মার্কিন তেল ট্যাংকার জব্দ করল ইরান
নতুন পয়গাম, তেহরান:
হরমুজ প্রণালি পেরোনোর সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী একটি জাহাজ জব্দ করেছে ইরান। শুক্রবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটি আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানি বাহিনী জোরপূর্বক জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করে। ঘটনার সময় কয়েক ঘণ্টা ধরে মার্কিন নৌবাহিনীর এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন এলাকাটিতে নজরদারি চালিয়েছে বলে ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।
রিপোর্টে বলা হয়, তিনটি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণের মাধ্যমে জাহাজটির গতি থামিয়ে দেয়। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স জানায়, রাষ্ট্রীয় তৎপরতার কারণে জাহাজটিকে ইরানের জলসীমায় প্রবেশে বাধ্য করা হয়েছে।
এদিকে, সাইপ্রাসভিত্তিক কোম্পানি কলম্বিয়া শিপম্যানেজমেন্ট জানিয়েছে, তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








