আমডাঙ্গায় ‘প্রতিবেশীর অধিকার’ ক্যাম্পেইন উপলক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন ক্যাম্প
কুদ্দুস আলি মোল্লা, নতুন পয়গাম, আমডাঙ্গা , ১৬ নভেম্বর, রবিবার ২০২৫
উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা খেলিয়া ব্লক অফিস চত্বরে রবিবার জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে “প্রতিবেশীর অধিকার” ক্যাম্পেইন (২১–৩০ নভেম্বর) উপলক্ষে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা, রাজ্য ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা।
প্রথম অধিবেশনের কনভেনর ছিলেন আবু হাসান। সূচনা বক্তব্যের আগে মাওলানা রফিকুল ইসলাম (জেলা নাজিম) তাযকির বিল কুরআন পেশ করেন। ক্যাম্পেইনের লক্ষ্য, কর্মপদ্ধতি ও প্রাসঙ্গিক নোটস তুলে ধরে উদ্বুদ্ধ করেন জেলা তানজিমি ইনচার্জ রাকিবুল ইসলাম। মুকামী আমীর মাওলানা আব্দুস সামাদ নাজিমের ইজতেমা সম্পর্কে বক্তব্য রাখেন।
রাজ্য মিডিয়া সেক্রেটারি মোস্তফিজুর রহমান ক্যাম্পেইনের উদ্দেশ্য, প্রচার কৌশল ও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের উপর বিস্তৃত উপস্থাপনা করেন। ‘ক্যাম্পেইন সফল করতে আমাদের করণীয়’ শীর্ষক সিম্পোজিয়ামে আটজন বক্তা অংশ নেন— মহঃ রাজুমনি, সফিকুল ইসলাম বাবলু, মাহবুব হক, জেলা তরবিয়তী ইনচার্জ মাওলানা ইসমাইল হক, জিআইও-র রিফা রমালী, সহকারী জেলা নাজিমা মাহবুবা খাতুন এবং কামরুন নেছা।
পরিপূরক বক্তৃতায় সহকারী জেলা নাজিম মাওলানা আব্দুল আজীজ মোল্লা পরিকল্পিত ও বাস্তবমুখী কর্মপদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরপর ডা. গোলাম হোসেন ‘অমুসলিম প্রতিবেশীর অধিকার’ নিয়ে বিশদ আলোচনা করেন।
যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়, যার কনভেনর ছিলেন সাবির আহমেদ। তারানা পরিবেশন করেন আশাদুর রহমান। এরপর মাওলানা মহঃ ইসরাইল হাদিস আলোচনা করেন।
রাজ্য তানজিমি সেক্রেটারি সাদাব মাসুম ‘দেশীয় পরিস্থিতিতে প্রতিবেশীর অধিকার দানে সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বক্তব্যে প্রতিবেশীর সঙ্গে মানবিক সম্পর্ক, সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার গুরুত্ব এবং সামাজিক সম্প্রীতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। রাজ্য দাওয়া সেক্রেটারি নাসিম আলী ‘ক্যাম্পেইন সফল হওয়ার পিছনে বাধা ও উত্তরণের উপায়’ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
শেষে সহকারী জেলা নাজিম ক্যাম্পেইন সম্পর্কিত জেলার পরিকল্পনা উপস্থাপন করেন। জেলা নাজিমের হেদায়েত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে ক্যাম্পেইনের মাধ্যমে সমাজে প্রতিবেশী–সম্পর্ক উন্নয়ন, মানবিক মূল্যবোধ চর্চা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।









