তানজানিয়ার প্রেসিডেন্ট হলেন সামিয়া হাসান
নতুন পয়গাম, ডোডোমা:
৯৮ শতাংশ ভোট পেয়ে তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। অভিযোগ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেয়া হয়। শনিবার নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বুধবারের নির্বাচনে সামিয়া হাসান ৯৭.৬৬ শতাংশ ভোট পেয়েছেন। আজ রবিবার শপথ নেওয়ার কথা। প্রধান বিরোধী দল শাদেমা-র মুখপাত্র জন কিটোকা এই নির্বাচন ও ফলাফলকে প্রহসন আখ্যা দিয়ে বলেন, আমরা চাই একটি নিরপেক্ষ সংস্থার তদারকিতে নতুন নির্বাচন। এদিকে বিজয়ী হিসেবে স্বীকৃতির পর সামিয়া হাসান বলেন, বিরোধীরা না দায়িত্বশীল, না দেশপ্রেমিক।
উল্লেখ্য, নির্বাচনের সময় বিভিন্ন শহরে সহিংস প্রতিবাদ দেখা দেয়। মানুষ রাস্তায় নেমে সামিয়া হাসানের দমননীতির বিরুদ্ধে গর্জে ওঠেন। প্রতিবাদীরা উত্তেজিত হয়ে সরকারি ভবনে আগুন লাগিয়ে দিলে খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালায়। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বিরোধী নেতা জন কিটোকা জানান, সহিংসতায় প্রায় ৭০০ জন নিহত হয়েছেন।
রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতর বলেছে, বিশ্বাসযোগ্য রিপোর্ট অনুযায়ী তিনটি শহরে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বিদেশমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো বলেন, কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ নিয়েছে এবং নির্বাচন নিরপেক্ষভাবে হয়েছে। পুলিশ কোথাও অতিরিক্ত বল প্রয়োগ করেনি। হতাহতের সংখ্যা বহুগুণ বাড়িয়ে বলা হচ্ছে।

উল্লেখ্য, সামিয়া হাসান আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০২১ সালে তার পূর্বসূরী জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর প্রেসিডেন্ট হন সামিয়া। এদিকে বিরোধী দল শাদেমার নেতা টুন্ডু লিসু রাষ্ট্রদ্রোহের অভিযোগে কয়েক মাস ধরে বন্দি। অভিযোগ, নির্বাচনের আগে সামিয়া হাসান দেশে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস তানজানিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছেন।








