কালিয়াচকে ওয়াইসি, মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ
নতুন পয়গাম, আবু রাইহান, মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই মঙ্গলবার মালদায় এসে একাধিক কর্মসূচিতে অংশ নেন মীম-এর শীর্ষ নেতা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। এদিন হেলিকপ্টারে করে মালদা জেলার সুজাপুরের হাতিমারি ময়দানে অবতরণ করেন ওয়াইসি। সেখানে তাঁকে দেখতে ভিড় জমায় বহু মানুষ। এরপর সড়কপথে তিনি পৌঁছন কালিয়াচকের কারবালা মাঠে, যেখানে অনুষ্ঠিত হয় মীম-এর জনসভা। সভাস্থলেও দূর-দূরান্ত থেকে আগত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কড়া ভাষায় আক্রমণ করেন ওয়াইসি। তিনি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদি ও মমতা ভাই-বোনের মতো কাজ করছে। এছাড়াও সুজাপুর বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ তোলেন তিনি। কালিয়াচক পৌরসভা গঠন, ল কলেজ, কালিকাপুর রেলগেটসহ বিভিন্ন প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন। পাশাপাশি সিলামপুর গ্রামীণ হাসপাতাল, নারায়নপুর, যদুপুর ও গোলাপগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল অবস্থার কথাও তুলে ধরেন তিনি। কটাক্ষ করে বলেন, “উন্নয়ন হয়ে থাকলে মুখ্যমন্ত্রী নিজে এসে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাক। সার্বিকভাবে এদিনের জনসভায় ব্যাপক জনসমাগম রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।








