সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি
নতুন পয়গাম, আবু রাইহান, মালদা: মালদায় ছাত্রদের বাস ভাড়া মকুবের দাবিতে ডিএম অফিসে ডেপুটেশন জমা দিল ‘ছাত্র অধিকার মঞ্চ’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বাসে ছাত্রছাত্রীদের ১০০ শতাংশ ভাড়া মকুব এবং বেসরকারি বাসে ‘কেরালা মডেল’-এর আদলে ৫০ শতাংশ স্টুডেন্ট কনসেশন চালুর দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। ছাত্র অধিকার মঞ্চের সক্রিয় সদস্য মাগফেরাজ হোসেন জানান, বর্তমানে বহু উপার্জনহীন ছাত্রছাত্রী প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন। সেই কারণেই ২০৭ জন ছাত্রছাত্রীর সমর্থন নিয়ে মালদা ডিএম অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। তবে কোনো ভিড় বা বিক্ষোভ না করে, মাত্র দু’জন প্রতিনিধি প্রশাসনের সঙ্গে দেখা করে দাবি তুলে ধরেন। ছাত্র অধিকার মঞ্চের সক্রিয় সদস্য মাগফেরাজ হোসেন, রাশিদুল ইসলাম, ফারহানা নওসিন, অনামিকা রায় ও নিশান নন্দীরা জানান, এটি শুধুমাত্র মালদা কলেজের উদ্যোগ নয়, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের ছাত্রদেরও সহযোগিতা রয়েছে। সংগঠনের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং দাবিপত্র পরিবহন দপ্তরে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।








