নির্বাচন উপলক্ষে রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে হুগলি জেলা প্রশাসনের বৈঠক
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ হুগলি জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে, ভারতের নির্বাচন কমিশনের (ECI) নতুন নির্দেশাবলি যথাযথভাবে পালন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে নির্বিঘ্ন সমন্বয় বজায় রাখার উদ্দেশ্যে হুগলির জেলা নির্বাচন আধিকারিক এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার রবিবার এক যৌথ বৈঠকে মিলিত হন। বৈঠকে হুগলি জেলার সমস্ত স্বীকৃত জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলোর জেলা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা নির্বাচনীয় আধিকারিকের দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত সর্বশেষ নির্দেশাবলি ও আদেশসমূহ বিস্তারিতভাবে জানা গেছে, সমস্ত ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে লাইভ ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা থাকবে পাশাপাশি অতি-সংবেদনশীল ভোটকেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত ওয়েবকাস্টিংয়েরও ব্যবস্থা থাকবে। এছাড়া প্রিসাইডিং অফিসারদের জন্য ‘PRO ECI Net APP’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও জানা গেছে, সমস্ত ভোটকেন্দ্রে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন এবং নির্বাচনের পূর্বে ঝুঁকিপূর্ণ বা স্পর্শকাতর এলাকাগুলোতে টহলদারি ও নিরাপত্তা উপস্থিতি জোরদার করা হবে। এমনকি ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার পাশাপাশি ভোটকেন্দ্রের প্রবেশপথের বাইরে মোবাইল ফোন জমা রাখার সুব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, ভোটারদের জন্য তথ্য স্লিপ বিতরণের প্রক্রিয়া এবং ভোটার তথ্য স্লিপ বিতরণের সময় বুথ লেভেল অফিসারদের সঙ্গে বুথ লেভেল এজেন্টদের থাকার অনুমতি এবং ভোটার তথ্য স্লিপ বিতরণ রেজিস্টারে স্বাক্ষর করার নিয়মাবলি দেওয়া থাকবে। প্রচার বন্ধের সময়সীমা সংক্রান্ত প্রোটোকল যা আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে।
জানা গেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ল্যান্ডলাইন, মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর সহ ২৪ ঘণ্টা সচল একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা হবে। সমস্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থানে কুইক রেসপন্স টিম বা দ্রুত সাড়াদানকারী দল মোতায়েন থাকবে। সেইসাথে নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে যথাযথ সমন্বয় ও যোগাযোগ ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে নিয়মিত রুট মার্চ বা নিরাপত্তা বাহিনীর টহল, নাকা চেকিং এরিয়া ডমিনেশন বা নিরাপত্তার উপস্থিতি জোরদারকরণ করা হবে।
সভায় সামগ্রিক নির্বাচন কার্যক্রমের বর্তমান অবস্থা ও অগ্রগতি নিয়ে জেলা নির্বাচন আধিকারিক, নির্বাচন আধিকারিক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিন নির্বাচন প্রস্তুতির লক্ষ্যে সকল গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামত আহ্বান আহ্বান করা হয়। পরিশেষে, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে অসামরিক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।








