বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে ১৩৯ কোটি দেবে নবান্ন
নতুন পয়গাম, কলকাতা:
সম্প্রতি বন্যা, ধস তথা প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ২১ জেলায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের জন্য টাকা দেবে রাজ্য সরকার। বুধবার একথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী সপ্তাহে এই টাকা বিতরণ হবে। এ পর্যন্ত ১২ হাজার ৯১৬টি ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হয়েছে। সেগুলোর পুনর্নির্মাণে ১৩৮.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য। এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ হিসেবে ৭০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হল।
জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৯,৬৭৭টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,২৩৯টি বাড়ি। সর্বাধিক ৪১৭১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং জেলায় ভেঙে গিয়েছে ৩২১৮টি বাড়ি। পশ্চিম মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭৭৮টি বাড়ি। আর গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তরকে টাকা দিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা তথা প্রাকৃতিক বিপর্যয়ে কেন্দ্র সরকার এক টাকাও অনুদান না দেওয়ায় এবং অন্যান্য বন্যা কবলিত রাজগুলোকে দরাজহস্তে অনুদান দেওয়ার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি ঘোষণা করেছিলেন, সব বন্যা কবলিত জেলায় ভেঙে পড়া, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতি ও পুনর্নির্মাণে ক্ষতিপূরণ এবং অনুদান দেবে রাজ্য সরকার। এছাড়াও বিশেষ করে উত্তরবঙ্গে ধসে বিপর্যস্ত সড়ক, সেতু মেরামতি ও নতুন করে তৈরি করে দেওয়া হবে। সেই মতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বেশ কয়েকটি রাস্তা ও সেতুর সংস্কার কাজ সম্পন্নও হয়ে গিয়েছে।







