ইংল্যান্ডকে উড়িয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, গুয়াহাটি
একেই বলে ‘,ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট।’
দক্ষিণ আফ্রিকার অধিনায়িকা লরা উলভারটের দুরন্ত শতরানে ভর করে রানের পাহাড় গড়ে এবি ডিভিলিয়ার্সদের ফিমেল ভার্সন।যে পাহাড় টপকাতে রণে ভঙ্গ দেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। বুধবার আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে সেমি-ফাইনালে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তোলে ৩১৯-৭। জবাবে ৪২.৩ ওভারে ১৯৪ রানে থামে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা জিতল ১২৫ রানের বিশাল ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভারটের বিধ্বংসী ইনিংসই তফাত গড়ে দিল। ১৪৩ বলে ১৬৯ করেন ডানহাতি ওপেনার। ২৬ বছর বয়সি এই ব্যাটারের ইনিংস সাজানো ছিল ২০টি চার ও চারটি ছক্কায়। ৩২০ রানের টার্গেট মোটেই সহজ ছিল না ইংল্যান্ডের কাছে। তার উপর ক্যাপ্টেন ব্রান্ট (৬৪), ক্যাপসে (৫০), ড্যানি (৩৪) লড়াই করলেও,কেউ ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মারিজান্নে কাপ (৫-২০) বল হাতে ভাঙেন বিপক্ষকে।
ফলে কাপ জয় থেকে মাত্র একধাপ দূরে প্রোটিয়ারা।








