অস্ট্রেলিয়ায় বৃষ্টির মাঝেও ‘সূর্যোদয়’,অভিনব কারনে ম্যাচ বাতিল!
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, ক্যানবেরা:
দীর্ঘদিন রান নেই অধিনায়কের ব্যাটে। টি-টোয়েন্টিতে ব্যর্থ একদিবসীয় অধিনায়ক গিলও। ফলে অস্ট্রেলীয় পরিবেশে আবারও কি মুখ পুড়বে?
আশা আশঙ্কার দোলাচলে ইন ফর্ম অভিষেক প্রাথমিক দিকে ফিরলেও হাল ধরেন দুই অফ ফর্মের খেলোয়াড়ই।
কিন্তু বাদ সাধলো বৃষ্টি।অনবদ্য সূর্যকুমারের ব্যাটিং কাজে এল না,কাজে এল গিলের দারুন ব্যাটিংও।
টিম ইন্ডিয়ার ধুন্ধুমার ব্যাটিংয়ে জল ঢালল প্রকৃতি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। ক্যানবেরায় খেলা হল মাত্র ৯.৪ ওভার। তবে তারমধ্যেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ব্যাটে শটের ফুলঝুরি স্বস্তি আনছে ভারতীয় শিবিরে। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত যখন ৯৭-১, তখনই নামে দ্বিতীয় দফার বৃষ্টি। খেলা আর শুরু হয়নি। ক্যাপ্টেন সূর্য নট আউট থাকেন ২৪ বলে ৩৯ রানে। তাতে রয়েছে তিনটি চার ও দুটো ছক্কা। এই ফরম্যাটে বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে দেড়শো ছক্কা হয়ে গেল তাঁর। ওয়ান ডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে শুভমান গিলও ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছক্কা। আউট হন একমাত্র অভিষেক শর্মা (১৪ বলে ১৯)। যদি ন্যূনতম পাঁচ ওভারের জন্যও খেলা হতো, তাহলে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়াত ৭১। আর ৯ ওভারের ম্যাচ হলে মিচেল মার্শের দলকে করতে হতো ১১৭ রান। সেই কঠিন পরীক্ষার হাত থেকে অজিদের বাঁচিয়ে দিল বৃষ্টি। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ মেলবোর্নে।এদিন
প্রথমবার বৃষ্টি নেমেছিল ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে। স্কোর তখন ছিল ৪৩-১। দীর্ঘক্ষণ বাদে শুরু হয় ম্যাচ। ওভারসংখ্যা কমে দাঁড়ায় ১৮। সূর্য ও গিল মিলে ঝড়ের গতিতেই খেলছিলেন। দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৬২ রান যোগ করেন দু’জনে। মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার সামনে প্রায় দুশো রানের টার্গেট ছুড়ে দেবে ভারত। কিন্তু বাদ সাধল বৃষ্টি। তবে কোচ গম্ভীরকে স্বস্তি দেবে সূর্যে ইনিংস। সম্প্রতি একেবারেই রানের মধ্যে ছিলেন না তিনি। এই বছরে দেশের জার্সিতে ১১ গড়ে করেছিলেন মাত্র ১০০ রান। আর এশিয়া কাপে ছয় ইনিংসে এসেছিল মাত্র ৭২। ফলে চর্চা ক্রমশ বাড়ছিল। কিন্তু ক্যানবেরার মানুকা ওভালে পিচের গতি ও বাউন্স তাঁর শট খেলার পক্ষে সহায়ক হয়ে ওঠে। এই ইনিংস নিশ্চিতভাবেই চাপমুক্ত করবে সূর্যকে। পাশাপাশি, বাড়াবে আত্মবিশ্বাসও।
এদিন, ভারতের প্রথম এগারোয় যশপ্রীত বুমরাহর সঙ্গে বিশেষজ্ঞ পেসার হিসেবে ছিলেন হর্ষিত রানা। পেসার-অলরাউন্ডার হিসেবে খেলেন শিবম দুবে। দলে ছিলেন এশিয়া কাপের মতোই তিন স্পিনার-কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। বাদ পড়েন অর্শদীপ সিং, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা ও নীতীশ কুমার রেড্ডি। এরমধ্যে নীতীশ প্রথম তিন ম্যাচেই নেই। ২২ বছর বয়সি অলরাউন্ডারের পিঠের সমস্যা এখনও সারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।
তবে অনেকের মনে প্রশ্ন জাগছে ১ ঘন্টা বৃষ্টির কারনে বন্ধ থাকা ম্যাচ শুরু করা গেল না কেন?
আসলে ক্যানবেরায় রাত ১১ টার পরে ফ্লাড লাইট জ্বালানো নিষেধ, ফলে পরে আর ম্যাচ করা সম্ভব হয়নি।








