সিরিজ হারলেও,বড় পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে না ভারত,দলে হয়তো কেবল কুলদীপ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
আজ সিরিজের শেষ তথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ।ইতিমধ্যেই ০-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছেন ট্রাভিস হেডরা। শনিবারের ম্যাচ ভারতীয় দলের কাছে নিয়মরক্ষা মাত্র। এমন ম্যাচে অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নেয় দলগুলি। প্রথম একাদশের অনিয়মিতদের খেলার সুযোগ দেওয়া হয়। গৌতম গম্ভীর, শুভমন গিলেরাও কি ব্যর্থদের বাদ দিয়ে অন্যদের দেখে নেবেন?
অস্ট্রেলিয়ার মাটিতে এক দিনের সিরিজ রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে পরীক্ষার ছিল।সেখানে রোহিতকে পাস মার্ক দেওয়া গেলেও,এখনও পর্যন্ত বিরাট ডাঁহা ফেল। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া দুই সিনিয়র ব্যাটারের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন টিকে ৫০ ওভারের ক্রিকেটের উপর। ২০২৭ সালের বিশ্বকাপ খেলার স্বপ্ন সফল করতে হলে পারফর্ম করতে হবে ধারাবাহিক ভাবে। অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সেই বার্তা দিয়ে রেখেছেন নির্বাচকরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে রোহিতের রান ৮ এবং ৭৩। দ্বিতীয় ম্যাচে চাপে পড়ে যাওয়া ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহদের একাধিক বার পরামর্শ দিতেও দেখা গিয়েছে তাঁকে।
এবং এই দু’ম্যাচে কোহলির অবদান শুধুই শূন্য! ক্রিকেটজীবনে প্রথম বার পর পর দু’টি এক দিনের ম্যাচে কোনও রান পাননি তিনি।এই পরিস্থিতিতে তৃতীয় ম্যাচেও কি প্রথম একাদশে জায়গা হবে তাঁর? নাকি সাজঘরে বসে থাকা যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেবেন গম্ভীরেরা?
সূত্র বলছে,আজও প্রথম একাদশেই থাকবেন দুজন।যদিও
প্রশ্ন রয়েছে রোহিত,কোহলির ফর্ম নিয়ে।রোহিত বৃহস্পতিবার ৭৩ রান করলেও খেলেছেন ৯৭ বল। রোহিতের খেলা ডট বলের সংখ্যা ৫৭। ওপেন করতে নেমে ৯.৩ ওভার অপচয় করেছেন তিনি। পাওয়ার প্লে-র অধিকাংশ বলে রানই করতে পারেননি। সাদা বলের ক্রিকেটে এত বল নষ্ট হলে যে কোনও দলকে মূল্য দিতে হয়। ফলে রোহিতের পরীক্ষার ফলও উচ্ছ্বসিত হওয়ার মতো নয়। স্বাভাবিক ভাবেই তৃতীয় এক দিনের ম্যাচে প্রথম একাদশে রদবদলের পথে হাঁটতেই পারতেন গম্ভীর। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি অনুযায়ী, সিরিজ শুরুর আগেই নাকি কোচ বলে দিয়েছিলেন, পরের পর ম্যাচে ব্যর্থ হলে সুযোগ পাওয়া যাবে না।
রোহিত সদ্য নেতৃত্ব হারিয়েছেন। সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তা-ও অস্ট্রেলিয়ার মাটিতে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ৭৩ রান অন্তত করেছেন। তৃতীয় ম্যাচে যদি পরীক্ষা-নিরীক্ষার জন্য’ তাঁকে বসানো হত, তা হলে ওপেনার হিসাবে নামতেন যশস্বী।অন্যদিকে কোহলির কিছু প্রমান করার না থাকলেও,তাঁকে ফর্মে ফিরতে হবে। একদিবসীয় ক্রিকেটে অধিনায়কত্ব পাওয়া শুভমনও প্রথম দু’ম্যাচে ব্যর্থ। তবু অধিনায়ক হিসাবে তাঁর খেলা নিয়ে প্রশ্ন নেই। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে কে নামবেন? কোহলির উপর কোপ পড়লে তিনে নামতে পারেন রাহুল। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন শ্রেয়স। পাঁচ নম্বরে অলরাউন্ডার অক্ষর পটেল। ফর্মেও রয়েছেন অক্ষর।
তবে খুব বেশি অঘটনা না ঘটলে আজ দেখা যাবে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে। অ্যাডাম জাম্পার সফলতা দেখে কুলদীপের দিকে ঝুঁকেছে ভারত।








