৫৭ বছরের ঐতিহ্য ধরে বড়জোড়া থানা সার্বজনীন কালীপূজো
সঞ্জয় মণ্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
একসময় বড়জোড়া থানা এলাকায় কোনো সার্বজনীন পূজা ছিল না। সেই অভাব পূরণ করতে আজ থেকে প্রায় ৫৭ বছর আগে তৎকালীন বড়জোড়া থানার ওসি দুর্গাপদ বসুর উদ্যোগে শুরু হয় বড়জোড়া থানা সার্বজনীন দুর্গাপূজো ও কালীপূজো। তারপর থেকে নিরবচ্ছিন্ন ধারায় এই পূজো আজও একই উৎসাহ ও ঐতিহ্য বজায় রেখে হয়ে আসছে।
এবছরও সেই ধারাবাহিকতায় আয়োজিত হয় বড়জোড়া থানা সার্বজনীন কালীপূজোর উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর মহকুমার শাসক অয়ন দত্ত গুপ্ত, বাঁকুড়া জেলার ডিএসপি (অ্যাডমিনিস্ট্রেশন) উত্তম মিত্র, বড়জোড়া বিডিও কার্তিক চন্দ্র রায়, বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের পুষ্পস্তবক ও মাতৃমূর্তির প্রতিরূপ দিয়ে বরণ করা হয়। পরে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে পূজোর ঐতিহ্য, সামাজিক তাৎপর্য ও বড়জোড়া থানার সঙ্গে তাঁদের সম্পর্কের স্মৃতি তুলে ধরেন।
পূজো কমিটির পক্ষ থেকে এদিন এলাকার বহু দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা কর্মসূচি।
গোটা আয়োজনটি সুন্দরভাবে পরিচালনা করেন বড়জোড়া থানার আইসি অর্ণব গুহ, তাঁর পরিবার ও থানার পুলিশ কর্মীবৃন্দ। উপস্থিত অতিথিরা প্রায় সকলেই অর্ণব গুহর জনসংযোগ, সমাজসেবামূলক মানসিকতা ও কর্মদক্ষতার প্রশংসা করেন।
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ঐতিহ্য ও মানবসেবার বার্তা বহন করে চলা বড়জোড়া থানা সার্বজনীন কালীপূজো আজও স্থানীয় মানুষের মিলনক্ষেত্র, উৎসবের আনন্দ ও সামাজিক বন্ধনের প্রতীক।







