পরমাণু চুক্তির মেয়াদ শেষ; রাষ্ট্রসংঘকে রাশিয়া, চীন ও ইরানের চিঠি
নতুন পয়গাম, নিউ ইয়র্ক, ২০ অক্টোবর: আজ থেকে এক দশক আগে ২০১৫ সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। এই মর্মে রাষ্ট্রসংঘকে চিঠি দিয়ে জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন। এতে ইরানের পারমাণবিক বিষয়ে নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে যাচ্ছে। শনিবার দেশ তিনটি আলোচনা করে পরদিন রাষ্ট্রসংঘকে চিঠি দেয়।
এই ত্রিদেশীয় চিঠি পৌঁছে গিয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস এবং নিরাপত্তা পরিষদে।
চিঠিতে লেখা হয়েছে, রেজল্যুশন ২২৩১-এর আওতাধীন বিধিনিষেধের মেয়াদ ২০২৫ সালের ১৮ অক্টোবর শেষ হয়ে গিয়েছে। ফলে চুক্তির মেয়াদও আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এই ঐতিহাসিক চুক্তিতে সই করে ইরান, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন, চীন, রাশিয়া, জার্মানি এবং রাষ্ট্রসংঘের পরমাণু নিরীক্ষণ সংস্থা আইএইএ। এই চুক্তির নাম জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)।
তিন দেশের লেখা চিঠিতে বলা হয়েছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তিটি পুনর্বহালের যে চেষ্টা করছে, তা আইনগত ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ। ইউরোপীয় দেশগুলো যেহেতু পরমাণু চুক্তির শর্ত এবং নিজেদের প্রতিশ্রুতি রাখছে না, তাই তারা আর ইরানের বিরুদ্ধে কোন পদক্ষেপ করার অধিকার রাখে না। একপক্ষীয় নিষেধাজ্ঞা, হুমকি বা উত্তজনা বৃদ্ধির মতো পদক্ষেপ থেকে বিরত থাকা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে চিঠিতে আহ্বান জানানো হয়েছে। এদিকে, ২০১৮ সালে একতরফা চুক্তি বেরিয়ে বেরিয়ে যাওয়া প্রেসিডেন্ট ট্রাম্প ক’দিন আগে বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে চমৎকার চুক্তির সম্ভাবনা রয়েছে।








