বিরাট-রোহিতের হতাশাজনক প্রত্যাবর্তনের ম্যাচে একপেশে জয় অস্ট্রেলিয়ার
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
প্রত্যাবর্তন সুখকর হল না রোহিত শর্মা ও বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম ম্যাচে পারথে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত ফিরেছেন ৮ রান করে। আর কোহলি ৮ বলে কোনো রানই করতে পারেননি।
রোহিত কাটা পড়েছেন জশ হ্যাজলউডের বলে স্লিপে ম্যাট রেনশো’র হাতে ক্যাচ দিয়ে। আর কোহলি মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন কুপার কনোলির হাতে।
অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ওয়ানডেতে এই প্রথম ০ রানে ফিরলেন কোহলি। জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় বোলার হিসেবে কোহলিকে দুইবার শূন্যতে ফেরালেন স্টার্ক।এদিন
২৬ ওভারে নেমে আসা ম্যাচে ভারত করে ১৩৬ রান।ডাকওয়ার্থ লুইস নিয়মে সেটাও কমে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৩১। কাগজে–কলমে ওয়ানডে ম্যাচ হলেও টি-টোয়েন্টির যুগে এ লক্ষ্যকে বড় বলার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়াও তেমনটা ভাবেনি। পারথ্ স্টেডিয়ামে কাল প্রায় ৫ ওভার হাতে রেখে ৭ উইকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারায় স্বাগতিকরা।
রান তাড়ার শুরুতে অবশ্য একটু বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারেই দলীয় ১০ রানে ফেরেন ট্রাভিস হেড। অর্শদীপ সিংয়ের বলে ডিপ থার্ড ম্যান অঞ্চলে হর্ষিত রানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫ বলে করেছিলেন ৮ রান।মেরেছিলেন দুটো ৪।
এরপর আরও ২ উইকেট গেলেও একবারও মনে হয়নি অস্ট্রেলিয়া ম্যাচ হারতে পারে। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক মিচেল মার্শ একপ্রান্ত আঁকড়ে রেখে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ইনিংস ওপেন করা মার্শ ৫২ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন।ম্যাচের সেরাও তিনি।
২৯ বলে ৩৭ রান করেছেন জশ ফিলিপে।
হেডের বিদায়ের পর ম্যাথু শর্টকে (৮) নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৪ রান যোগ করেন মার্শ। এরপর উইকেটকিপার জশ ফিলিপেকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন আরও ৫৫ রান। চতুর্থ ওয়ানডে খেলতে নামা ফিলিপে ২৯ বলে করেছেন ৩৭ রান। পরে ওয়ানডে অভিষিক্ত ম্যাট রেনশো ২৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। জয়সূচক রানটা এসেছে তাঁর ব্যাট থেকেই।
এর আগে ভারতের ইনিংস বারবার থেমেছে বৃষ্টির কারণে। প্রথম বিরতি পড়ে ৮.৫ ওভারে, তখন ভারতের স্কোর ২৫/৩। অনেক দিন পর দলে ফেরা দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা (৮) ও বিরাট কোহলি (০) ফেরেন দ্রুতই। নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিলও (১০) ফেরেন এর আগে।
খেলা আবার শুরু হলে ম্যাচ কমে দাঁড়ায় ৪৯ ওভারে। এরপর ১১.৫ ওভারে ভারতের স্কোর যখন ৩৭/৩, আবার বৃষ্টি। এবার ম্যাচ নেমে আসে ৩৫ ওভারে। ১৪.২ ওভার শেষে আবারও খেলা থামে, ওভার কমে আরও ৩টি। ১৬.৪ ওভারে ৪ উইকেটে ৫২ রান তুলতেই শেষবারের মতো বৃষ্টিতে থামে খেলা। চারবার বিরতির পর ম্যাচ দাঁড়ায় ২৬ ওভারে। শেষ ৯.২ ওভারে ভারত যোগ করে ৮৪ রান। ইনিংস শেষ হয় ১৩৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৮ রান করেন লোকেশ রাহুল। অক্ষর প্যাটেল খেলেন ৩৮ বলে ৩১ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২৬ ওভারে ১৩৬/৯ (রাহুল ৩৮, অক্ষর ৩১, রেড্ডি ১৯*; হ্যাজলউড ২/২০, ওয়েন ২/২০, কুনেমান ২/২৬)।অস্ট্রেলিয়া: ২১.১ ওভারে ১৩১/৩ (মার্শ ৪৬*, ফিলিপে ৩৭, রেনশ ২১*; সুন্দর ১/১৪)।ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী (ডিএলএস মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল মার্শ








