এনডিটিভি ওয়ার্ল্ড সামিট-এ কড়া বার্তা অজিত আগরকরের
ভারতীয় দলে আর অটোমেটিক চয়েজ নন রো-কো জুটি, কড়া জবাব শামিকেও
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
কয়েকদিন আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মহম্মদ শামি!ভারতীয় দলে সুযোগ না পেয়ে, ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিশানা করে কড়া মন্তব্য করেন তিনি।
তবে শনিবার ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট’-এ জবাব দিলেন আগরকরও।তিনি বলেন- “যদি ও আমাকে প্রশ্নটা করত তা হলে উত্তর দিতে পারতাম। এখানে আমার সামনে থাকলেও উত্তর দিতাম। সোশ্যালমিডিয়ায় ও কী বলেছে তা ঠিক জানি না। জানতে পারলে হয়তো ওকে একটা ফোন করব। আমার ফোন সব সময় ক্রিকেটারদের জন্য খোলা থাকে। গত কয়েক মাসে অনেক ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে। তাই এখানে অপ্রয়োজনীয় মন্তব্য করে হেডলাইনে আসতে চাই না। এটুকু বলব, ভারতের হয়ে শামি খুব ভাল খেলেছে। যদি কিছু বলে থাকে, সেটা আমাকে বলা উচিত ছিল। ইংল্যান্ড সিরিজ়ের আগেও বলেছি, ও ফিট থাকলে নিশ্চয়ই বিমানে বসত। দুর্ভাগ্যবশত ফিট ছিল না। ঘরোয়া ক্রিকেটের মরসুম সবে শুরু হয়েছে। আমি যতদূর জানি, ও পুরোপুরি ফিট ছিল না বলেই নেওয়া হয়নি।”
অন্যদিকে রোহিত-কোহলি নিয়েও তিনি যে খুব সন্তুষ্ট তা মনে হল না।বরং নতুন রক্তে তিনি বিশ্বাসী।
অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেলেও দু’বছর পর বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলি যে সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। তা স্পষ্ট হয়ে গেল এদিন অজিত আগরকরের কথায়। রোহিত এবং কোহলি নিয়ে আগরকর বলেছেন, “এখন ওরা অস্ট্রেলিয়া সফরে থাকা দলের সদস্য। দু’জনেই অসাধারণ ক্রিকেটার। এই মঞ্চে আলাদা করে কোনও ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। আজ থেকে দু’বছর পর পরিস্থিতি কেমন থাকবে তা বলা কঠিন। কে জানে, হয়তো কোনও তরুণ ক্রিকেটার ওদের জায়গা নিয়ে নেবে। দু’জনেই ভাল ক্রিকেটার। তাই প্রত্যেক ম্যাচে ওদের পরীক্ষায় বসানো উচিত নয়। এক বার খেলতে শুরু করলে আমরা সব পরিস্থিতি খতিয়ে দেখব। শুধু রান নয়, ট্রফি জেতাটাও দরকার। এমন নয় যে অস্ট্রেলিয়ায় তিনটে শতরান করল মানেই ২০২৭ বিশ্বকাপে ওদের জায়গা পাকা হয়ে গেল। পরিস্থিতি বিচার করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
সুতরাং বোঝাই যাচ্ছে ভারতীয় দলে ‘রো-কো’ জুটি আর অটোমেটিক চয়েজ নন।








