ওবিসি বঞ্চনা: পুরনো তালিকা ফেরতের দাবিতে ইসলামপুরের বিধায়কের দ্বারস্থ ‘পিআইবি’
নতুন পয়গাম:
ইসলামপুরে ফের মাথাচাড়া দিল সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) বঞ্চনার অভিযোগ। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হল ‘প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল’ (PIB)। বৃহস্পতিবার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে ডেপুটেশন দেন পিআইবি-এর প্রতিনিধিরা। সংগঠনের মূল অভিযোগের নিশানায় ‘নতুন ওবিসি তালিকা’। এই নতুন তালিকার কারণে সংখ্যালঘু এবং ওবিসি সম্প্রদায়ের বহু মানুষ শিক্ষা ও অর্থনৈতিক সাহায্য-সহ একাধিক ক্ষেত্রে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ভর্তিতেও প্রান্তিক ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর ৩০ শতাংশ মানুষের যথাযথ প্রতিনিধিত্ব থাকছে না। ফলস্বরূপ, সংরক্ষণ থাকা সত্ত্বেও এর প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই শ্রেণির মানুষজন।
পিআইবি-এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অবিলম্বে বর্তমান তালিকা বাতিল করে ‘পুরনো ওবিসি তালিকা’ ফিরিয়ে আনতে হবে। শিক্ষাক্ষেত্র ও আর্থিক সহায়তার ক্ষেত্রে এই বঞ্চনা দ্রুত দূর করার আর্জি জানানো হয়েছে। বিধায়ক আব্দুল করিম চৌধুরী মনোযোগ সহকারে পিআইবি-এর অভিযোগ শোনেন এবং ডেপুটেশন গ্রহণ করেন। তিনি সমস্যার গুরুত্ব অনুধাবন করে জানান, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট দফতরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সুপারিশ করবেন বলে আশ্বাস দিয়েছেন।








