বসিরহাটের মহাকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন
নতুন পয়গাম, তাবাসসুমা খাতুন, বসিরহাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাট মহকুমায় শক্তি প্রদর্শনে নামল জাতীয় কংগ্রেস। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা বুধবার বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং কংগ্রেস কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বসিরহাটের ত্রিমোহিনী এলাকা থেকে শুরু হয় বিশাল পদযাত্রা মিছিল। কংগ্রেসের পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পদযাত্রায় অংশ নেন শতাধিক কর্মী-সমর্থক, যা কার্যত শক্তি প্রদর্শনে রূপ নেয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ পর্যন্ত বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়, যেখানে প্রার্থীরা একে একে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
এই পদযাত্রা ও মনোনয়ন জমা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী আবু ইসহাক বাবু গাজী, বাদুড়িয়া বিধানসভার প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, হাড়ুয়া বিধানসভার প্রার্থী রবিউল ইসলাম, হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রার্থী ও শিক্ষক বিশ্বজিৎ রায় এবং বসিরহাট উত্তর বিধানসভার প্রার্থী প্রাক্তন সেনাকর্মী মুসা হক সহ অন্যান্য প্রার্থীরা। প্রার্থীরা এদিন জানান, মানুষের স্বার্থে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে তাঁরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকারও করেন তাঁরা। পাশাপাশি তাঁরা দাবি করেন, এই বিপুল জনসমাগমই প্রমাণ করে মানুষ পরিবর্তন চাইছে এবং কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে, মনোনয়ন জমা দেওয়ার দিনেই বসিরহাটে কংগ্রেসের এই শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন্ন নির্বাচনে এই লড়াই কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।








