ত্রাণ সংগ্রহে ফের রাস্তায় সিপিআইএম, সুজন চক্রবর্তী-সায়ন ব্যানার্জির নেতৃত্বে ধিক্কার মিছিল ভাঙড়ে
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ফের ত্রাণ সংগ্রহে নামল সিপিআইএম। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট বাজারে ত্রাণ সংগ্রহ করে বামফ্রন্ট। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জি ও তুষার ঘোষ।
ত্রাণ সংগ্রহের পাশাপাশি ওই এলাকায় সিপিআইএম কর্মী-সমর্থকেরা একটি ধিক্কার মিছিলও করেন। রবিবার ভাঙড়ের পাকাপোল বাজারে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন বামফ্রন্টের নেতা-কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে এবং মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এদিন ফের পথে নামল সিপিআইএম।
সুজন চক্রবর্তী জানান, ‘‘মানুষের পাশে দাঁড়াতেই আমরা ত্রাণ সংগ্রহ করছি। আর এই কাজে যারা বাধা দেয়, তারা আসলে মানবিকতার বিরোধিতা করছে। আগামী দিনে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে।’’
ত্রাণ সংগ্রহ অভিযানে ভাঙড়ের সাধারণ মানুষও ব্যাপকভাবে সাড়া দেন বলে দাবি সিপিআইএমের। রাজনৈতিক উত্তাপের মধ্যেও মানবিক বার্তা দিতেই এই কর্মসূচি বলে জানান নেতৃত্ব।







