বিশ্বরেকর্ড গড়ে ভারতকে পরাজিত করলো অস্ট্রেলিয়া
নতুন পয়গাম
জিততে হলে করতে হত রেকর্ড রান তাড়া।আর দিনশেষে এক ওভার বাকি থাকতেই সেই মাইল ফলক স্পর্শ করলো অজি প্রমীলা বাহিনী।
যে কাজটা অস্ট্রেলিয়ার পক্ষে করা সম্ভব, সেটা অস্ট্রেলিয়াই করে দেখাল। মহিলাদের একদিনের ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া। ৩৩১ রান তাড়া করে জিতে গেলো অ্যালিসা হিলি, এলিস পেরিরা। এতদিন এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার নামে। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০২ রান তাড়া করে জিতেছিল।
অথচ অস্ট্রেলিয়ার কাজটা সহজ ছিল না। কিন্তু ক্রিকেটে সম্ভবত এমন কোনও কাজ নেই, যেটা অস্ট্রেলিয়া করতে পারে না।সেটা মহিলা হোক বা পুরুষ। ৩৩১ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন হিলি এবং ফোবি লিচফিল্ড। প্রথম উইকেটে ১১.২ ওভারে ৮৫ রান যোগ করেন তাঁরা। লিচফিল্ড আউট হয়ে গেলেও অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেনে অ্যালিসা হিলি।
একটা সময় মনে হচ্ছিল ভারত সহজে জিতবে।এমনকি ২৪.২ ওভারে বিনা উইকেটে ভারতের রান ছিল ১৫৫। সেখান থেকে ৪৮.৫ ওভারেই অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ১৩৮ রানে শেষ নয় উইকেট হারায়। আর শেষ ছয় উইকেট হারিয়ে ফেলে ৩৬ রানে। ওই ধ্বস না নামলে ভারতের রানটা অনায়াসে ৩৫০ রানের গণ্ডি পেরিয়ে যেত।
ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ বলে ৮০ রান করেন স্মৃতি মন্ধানা। ৯৬ বলে ৭৫ রান করেন প্রতীকা রাওয়াল। তাছাড়া বাকিরা শুরুটা ভালো করেন। কিন্তু সেই ছন্দটা ধরে রাখতে পারেননি। ২২ বলে ৩২ রান করেন রিচা ঘোষ। ২১ বলে ৩৩ রান করেন জেমিমা রদ্রিগেজ। ১৭ বলে ২২ রান করেন হরমনপ্রীত কৌর। আর ৪২ বলে ৩৮ রান করেন হারলিন দেওল।








