ডাক দিবস পালন এলাহিয়া হাই মাদ্রাসায়
নতুন পয়গাম, মেদিনীপুর:
প্রযুক্তির অগ্রগতিতে যেখানে চিঠি লেখার প্রচলন প্রায় হারিয়ে গেছে, সেখানে ‘ন্যাশনাল পোস্টাল ডে’ বা ‘জাতীয় ডাক দিবস’-এর তাৎপর্য নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ এলাকার এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ)। ১০ অক্টোবর ডাক দিবস উপলক্ষে মাদ্রাসার সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির নির্বাচিত পড়ুয়ারা প্রিয় বন্ধুকে চিঠি লিখে দিনটি উদ্যাপন করে। আধুনিক যুগে যোগাযোগ মাধ্যমের আমূল পরিবর্তনের মধ্যেও চিঠি লেখার ঐতিহ্য, সৌন্দর্য ও প্রয়োজনীয়তা তুলে ধরতে এই বিশেষ অভিনব উদ্যোগ নেওয়া হয়।
প্রধান শিক্ষক নুর আলম জানান, “চিঠি লেখা একদিকে যেমন হাতের লেখার উন্নতি করে, তেমনি মনের ভাব প্রকাশের ক্ষমতাও বৃদ্ধি করে। পড়ুয়াদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
যাঁর ভাবনায় এই উদ্যোগ নেওয়া হয়, সেই ভূগোল শিক্ষক নরসিংহ দাস বলেন, মাদ্রাসায় আমরা বছরের বিশেষ দিন বা দিবসগুলো যথাযথ মর্যাদার সঙ্গে পালন করি। আজকের দিনটিতে ভারতীয় ডাক ব্যবস্থার ইতিহাস, তার গুরুত্ব এবং চিঠি লেখার প্রয়োজনীয়তা সম্পর্কে পড়ুয়াদের অবগত করা হয়েছে। বর্তমান প্রজন্ম মোবাইল ও ইন্টারনেট নির্ভর হলেও, হাতে লেখা চিঠির আবেগ ও মানবিক সংযোগের মূল্য অপরিসীম। পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণে দিনটি অর্থবহ হয়ে উঠেছে বলে জানান তিনি।
পুজোর ছুটি শেষে মাদ্রাসায় ক্লাস শুরু হওয়ার পরই এই কর্মসূচি আয়োজিত হয়। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তাদের মতো করে বন্ধুদের উদ্দেশ্যে চিঠি লেখে এবং পোস্ট করে।








