হৃদয়-দপ্তর আজও পাল্টায়নি,অনুশীলনে রোহিতকে দেখতে ভীড় সমর্থকদের
নতুন পয়গাম
ভারতীয় সমর্থকদের হৃদয়ে আজও যে বিরাট-রোহিত রাজ করছে তার প্রমান পাওয়া গেল শুক্রবার।
অস্ট্রেলিয়া সিরিজ়ের প্রস্তুতি নিতে মুম্বইয়ের শিবাজি পার্কে অনুশীলন করতে আসেন তিনি। তাঁর অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন প্রচুর সমর্থক। অনেকেই কটাক্ষ করেছেন, দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের থেকে বেশি দর্শক রোহিতের অনুশীলন দেখেছেন বলে।
শুক্রবার সকালে অনুশীলনে আসেন রোহিত। তিনি আসবেন তা হয়তো আগে থেকেই জানতেন সমর্থকেরা। অনেকে হাজির হয়েছিলেন শিবাজি পার্কে। সেখানে ছিলেন কেকেআর তারকা অঙ্গকৃশ রঘুবংশী-সহ আরও কিছু স্থানীয় ক্রিকেটাররা। রোহিতকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কয়েক জনের সঙ্গে সেলফি তুললেও শেষের দিকে ভিড় সামলাতে পারেননি রোহিত।এমনিতেই নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে অনুশীলনের মাঠে ঢোকেন। বাইরে বসেছিলেন তাঁর স্ত্রী রিতিকাও।
সাদা বলে অনুশীলন করছেন রোহিত। কড়া নজরে রেখেছিলেন অভিষেক নায়ার। পরিচিত পুল এবং কাট শট দেখা যায় রোহিতের ব্যাট থেকে। ইনসাইড কাট ড্রাইভও করেন। পেসারদের পর স্পিনারদের বলও খেলেন তিনি। তখন সুইপ এবং স্লগ সুইপের দিকে জোর দেন।
অপর দিকে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দৈনিক টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছিল ২৪৯ টাকা। তাতেও অনেকেই মাঠে আসার আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত স্টেডিয়ামের বেশির ভাগ স্ট্যান্ড ছিল ফাঁকা, যা বেশ দৃষ্টিকটু লেগেছে। সেখানে রোহিতের অনুশীলনে নেটের চারপাশে বহু সমর্থক ভিড় করেছিলেন। অনেকে কটাক্ষ করে জানান, ভারতের থেকে বেশি দর্শক রোহিতের অনুশীলন দেখেছেন।
অর্থাৎ বিসিসিআই যতই বিরাট,রোহিতকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেন না কেন,সমর্থকদের হৃদয় দপ্তরে আজও রোহিতরা।








