এবার কি কেকেআর জার্সিতে নিকোলাস পুরান!
নতুন পয়গাম, বিশেষ প্রতিবেদন
নাইটদের অন্য ফ্রাঞ্চাইজিতে খেলার সুবাদে এমনিতেই বাদশার সাথে তার সখ্যতা বেশ পুরনো।এবার কি তবে কলকাতার ফ্রাঞ্চাইজিতেও তাঁকে দেখা যাবে?
২০২৬ সালের আইপিএল নিলাম ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
ক্রিকেট মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উইন্ডিজ পাওয়ার হিটার নিকোলাস পুরানকে নিয়ে। আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলে কি সত্যিই যোগ দিতে চলেছেন?
সূত্রের খবর অনুযায়ী, লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে আগামী মরসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটারকে।আইপিএল ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্তই নিকোলাস পুরান ছিলেন এই দলের সদস্য এবং লখনৌ দলের অন্যতম ভরসা। মিডিল অর্ডারে তাঁর আগ্রাসী ব্যাটিং একাধিক ম্যাচে দলকে জিতিয়েছে।
কিন্তু দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ মরসুমের আগে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি বড় সিদ্ধান্ত নিয়েছে। গত মরসুমে বিদেশি খেলোয়াড়রা বেশ ছন্দ দেখিয়েছিল তাদের শিবিরে। তবে, টিম ম্যানেজমেন্ট বড় পরিবর্তনের পথে হাঁটতে চায়। কৌশলগত কারণে তারা আসন্ন আইপিএলের আগে বেশ কয়েকজন তারকাকে দল থেকে বাদ দিতে চলেছেন। তাঁর মধ্যে একজন হলেন নিকোলাস পুরান। অন্যদিকে, কেকেআর উইকেটকিপার-ব্যাটার হিসেবে অভিজ্ঞ ও মারমুখী একজন বিদেশি খেলোয়াড়ের খোঁজে রয়েছে। এই প্রেক্ষিতেই পুরানের নাম উঠে এসেছে নাইট শিবিরের আলোচনায়। বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, কেকেআর পুরানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে।সব ঠিক থাকলে আগামী মরসুমে ইডেন গার্ডেনে নিকি নিকি স্লোগান শোনা যাবে।








